শাহাদাৎ হোসেন স্টাফ রিপোর্টার, বগুড়ার শেরপুরে উল্টো পথে চলা একটি কোচের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। নিহত ছাত্রী মোছা. ইসরাত জাহান রিফা খাতুন সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। জানা গেছে, গত ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একতা পরিবহনের একটি কোচ উল্টো পথে এসে রিফাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এবং আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (৮ এপ্রিল) সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয়দের অভিযোগ, বগুড়া–শেরপুর সড়কের সীমাবাড়ী গাড়ুই ব্রিজ এলাকা থেকে চান্দাইকোনা হয়ে বগুড়া বাজার পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনের কোচ নিয়ম অমান্য করে উল্টো পথে চলাচল করছে। বিশেষ করে হোটেলে যাতায়াত ও যাত্রী ওঠানামার সুবিধার জন্য এ ধরনের ঝুঁকিপূর্ণ চলাচল বেড়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে মামলা দিলেও অনিয়ম বন্ধ হয়নি। এর আগে একই এলাকায় উল্টো পথে যান চলাচলের কারণে ররোয়া পশ্চিমপাড়ার এক তরুণও নিহত হন। এ ঘটনায় স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, উল্টো পথে যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ শিরোনাম :
উল্টো পথে কোচের ধাক্কায় স্কুলছাত্রী রিফার মৃত্যু
-
Reporter Name - Update Time : ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- ২৬৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










