
মো: রুবেল মিয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, উপজেলার ইছাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে লোকমান মিয়া নিজের ফসলি জমি পাহারা দেওয়ার উদ্দেশ্যে উরা ঘরে রাত যাপন করছিলেন। এ সময় রাত আনুমানিক ১টার দিকে দুলাল মিয়া, আলাল মিয়া, জালাল মিয়া, কুদ্দুস মিয়া, শফিক মিয়া ও ইদ্রিস মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। লোকমান মিয়ার ভাই হৃদয় মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের সঙ্গে হামলাকারীদের দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে একটি মামলাও চলমান ছিল, যার রায় তাদের পক্ষে আসে। এরপর থেকেই প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাদের ফসলি জমিতে বাধা সৃষ্টি করে আসছিল এবং রাতের আঁধারে জমিতে বিষ প্রয়োগের মতো ঘটনাও ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, “হামলাকারীদের উদ্দেশ্য ছিল আমার ভাইকে হত্যা করে বস্তার মধ্যে ভরে গুম করে ফেলা। কিন্তু আমার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।” ঘটনার পর লোকমান মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Reporter Name 







